বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ কার্যালয়ে বৈঠকে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেছেন, ‘অবৈধ সরকার ক্ষমতা দখল করে আছে। আমি সবার অবস্থা বুঝি। আপনাদের ফোরামকে আরও সুসংগঠিত করুন। ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করুন।’

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত নয়টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় ১১টায়।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি কামাল উদ্দিন, এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক আব্দুল ওয়াহেদ, আবু মোতালেব, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, বিজয় কেজরওয়াল, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খুরশেদ আলম মোল্লা, হোসেন লুৎফর রহমান, পরিবহন মালিক সমিতির নেতা কফিল উদ্দিন, বিজিএমইয়ের সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিজিএমসির নেতা কাজী সায়্যেদুল ইসলাম বাবুল, বিজিএমইএ’র নেতা আব্দুল লতিফ জনি প্রমুখ।

এছাড়া ফরিদপুর, নাটোর, গাইবান্ধা, যশোর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলার চেম্ববার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু প্রমুখ।

বৈঠকে উপস্থিত এক ব্যবসায়ী বলেন, ‘আমরা বৈঠকে বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছি। ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের বক্তব্য শুনেছেন। তিনি নিজেও প্রায় ৪০ মিনিট বক্তব্য দেন।’

তিনি জানান, ‘ম্যাডাম বেশ কয়েক জন ব্যবসায়ীর বক্তব্য শুনে বলেন, আজকে ব্যবসায়ী, পেশাজীবী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছেন। বিদেশিদের বিনিয়োগ নেই। ব্যবসায়ীদের সময় খুব খারাপ যাচ্ছে। বর্তমান অবৈধ সরকারের কারণে দেশে মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো কিছুই নিরাপদে নেই।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, আইনের শাসনও নেই, মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। এর থেকে আমাদের উত্তরণ দরকার। এই জন্য ব্যবসায়ী, পেশাজীবী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সংগঠিত করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ব্যবসা, বাণিজ্য, সাধারণ মানুষের অধিকার রক্ষা হবে। ব্যবসার উন্নতি হবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশ এগিয়ে যাবে।’

বৈঠক সূত্রে জানা যায়, ব্যবসায়ী নেতা বৈঠকে খালেদা জিয়ার কাছে তুলে ধরেন, বর্তমানে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ কম। ব্যাংকগুলোতে সুদের হার বেশি। দেশি-বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে।

খালেদা জিয়ার সরকার ক্ষমতায় গেলে এ সব সমস্যা থাকবে না বলেন তিনি কথা দেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ