আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, “এদেশের সকল মানুষের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য সমৃদ্ধ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংকল্প নিয়ে আজ জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে।

মহান স্বাধীনতা যুদ্ধের পরে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক সামাজিক পরিবর্তনের এই গণস্পৃহাকে জাতীয় স্বার্থে  ফলপ্রসূ করার কোন বিকল্প নেই।

স্থিতিশীল, সমৃদ্ধ, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে সকল সামাজিক শক্তির ঐক্যই এই নবনির্মাণের পথকে সুগম করবে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে এক বিবৃতিতে এই কর্মসূচি দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি-সরকার প্রধান এবং নেতা-মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ অবিরাম মিথ্যাচারের আশ্রয় নিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে নাশকতা ও জঙ্গীরুপে উপস্থাপনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমরা ইতোপূর্বে অনেকবার এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সরকার দলীয় লোকজন এবং এজেন্টরা সুপরিকল্পিতভাবে এসব পেট্রোল বোমাবাজিসহ অন্যান্য নাশকতায় ধরা পড়লেও তাদের ছেড়ে দেয়া হচ্ছে। 

সালাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মিথ্যাচার করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিকে বিশ্বের কাছে লজ্জিত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।

তিনি বলেন,চলমান গণতন্ত্র মুক্তির আন্দোলনকে কলুষিত করার হীন চক্রান্ত হিসেবে সকল নাশকতা ও পেট্রোল বোমাবাজির জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুষ্ঠু তদন্ত চাই।

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আইন শৃংখলা বাহিনী বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যেভাবে গণহত্যা, গুম, অপহরণ এবং গুলি করে পঙ্গু বানাচ্ছে তার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হুকুমদাতা হিসেবে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা ঘোষণা দিয়ে যেভাবে নরহত্যায় লিপ্ত তাতে দেশে নাগরিকদের নিরাপত্তাহীনতা চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন,আমরা নাশকতা, পেট্রোল বোমাবাজি ও সকল বিচারবহির্ভুত হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল গুম, খুন, অপহরণ, বন্দুকবাজী ও মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত চাই জাতিসংঘের তত্ত্বাবধানে। 

তিনি বলেন, ৫ জানুয়ারীর ভোটারবিহীন প্রহসনের অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক ভুল করেছে সেই ভুলের মাশুল প্রধানমন্ত্রীকে ও আওয়ামী লীগকে দিতে হবে; জাতি তার দায় নিবে না।

সালাহ উদ্দিন আহমেদ বলেন,জাতিসংঘ ও সকল উন্নত রাষ্ট্রসমূহসহ বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতিবিহীন এই অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থেকে যে রাজনৈতিক মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে সেই দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় ব্যবস্থায় নির্বাচনের ঘোষনা দেওয়ার জন্য আবারও আহবান জানাচ্ছি। অন্যথায় সময় ফুরিয়ে গেলে সেই সুযোগ নাও থাকতে পারে। 

তিনি বলেন,অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে, দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবর্হির্ভুত হত্যাকাণ্ডের প্রতিবাদে, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূণ:রুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি তাচ্ছিল্য প্রদর্শণ করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারী ২০১৫ রোজ রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। পাশাপাশি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারী ২০১৫ রোজ সোমবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

চলমান অবরোধ এবং আগামী রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল ও সোমবার বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

জেআই