খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমি গণজাগরণ মঞ্চের লোকদের স্যালুট জানাই। তারা সঠিক সময়ে একটি আন্দোলন সৃষ্টি করেছে। তবে, তারা সরকারকে ভুল বুঝছে। সরকার জামায়াতের সঙ্গে কোনো রকম আঁতাত করে নাই। আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে চাই। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমি এ সময়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
তিনি বলেন, ‘আমাদের মাঝে ভুল বুঝাবুঝির জন্য বিভ্রান্তি সৃষ্টি হবে। নিজেদের মাঝে অনৈক্য সৃষ্টি হবে। অযথা আন্দোলনের কথা বলবেন না। আমরা মুক্তিযোদ্ধাদের অনৈক্যের সুযোগ নিয়ে বিরোধীদের সুযোগ নিতে দেব না।’
রোববার দুপুরে গণগ্রন্থাগার মিলনায়তনে ‘এশিয়ান জার্নালিস্ট এ- হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন (এজাহিকাফ)’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আজকে জামায়াতের বিচার নিয়ে অনেকে অনেক কথা বলেন। বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আইনের যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন। ঠিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার হবে। সময়ই বলে দেবে কোন কাজটা কোন সময়ে করতে হবে। অতি বিপ্লবী বা অতি উৎসাহী হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘জামায়াত কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করে এ বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা  করেছে। কোনো বাধা ও প্রতিবন্ধকতা সফলকাম হয়নি আমাদের দৃঢ়তার কাছে। আমরা এ বিচারকে এগিয়ে নিয়েছি। আজকে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কামরুল বলেন, ‘তার মতো বেয়াদব ও অর্বাচিন বালক নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি ও মৌলবাদের উত্থান জিয়াউর রহমানের অবদানে। তিনি গোলাম আযমকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন। আমরা দীর্ঘ ২১ বছর জিয়া ও বিএনপির দুর্দান্ত প্রতাপ দেখেছি।’
কবি আবদুল খালেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কবিতা আবৃত্তি ও কয়েকজন কবিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]