নিজ দলের সংসদ সদস্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাংবাদিক ও রাজনীতিবিদের সম্পর্ক দাম্ভিকতার নয়। এরা একে অপরের পরিপূরক। সাংবাদিকদের মাধ্যমে একজন রাজনীতিবিদ জনগণের সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি করতে পারে। তাই রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল ও সংযত হতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইস্টটিউট অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, রাজনীতিবিদদের মনে রাখতে হবে আমি রাজনীতিবিদ। আমাকে গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে যেতে হবে। কোন রাজনীতিক সব সময় সঠিক কাজ করে না। তাই সাংবাদিকরা আমাদের ভুলত্রুটি নিয়ে সমালোচনা করবে এটাই স্বাভাবিক। এ ভুলত্রুটির বিচার করবে জনগণ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সাম্প্রতিক সাংবাদিকদেরকে কুকুরের সঙ্গে তুলনা করে বলেছেন, ছোট বেলায় দেখেছি ধনীরা বাড়ীতে কুকুর পালতেন। এর চেয়ে ধনীরা বিদেশী কুকুর পালতো। এখন নব্য ধনীরা মিডিয়ার মাধ্যমে সাংবাদিক পালে। এরা ভেংচি কাটে, লাথি মারলে কামড় দিতে আসে।এদের মালিক পক্ষ যদি আমার পক্ষে লেখার জন্য বলে তবে এরা তাই করবে।
সুইস ব্যাংক নিয়ে বিএনিপর ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সুইস ব্যাংকের টাকা কাদের সেটা আমরাও জানিনা বিএনপিও জানেনা। তাই এখনই (মির্জা ফখরুল) আতঙ্কিত হওয়ার কিছু নেই। পূর্বেও সরকার আপনার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের টাকা ফেরত এনেছে। এবারও যেহেতু সরকারের দায়িত্ব তাই সরকার এটা সচ্ছতার সঙ্গে পালন করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস ব্যাংকের টাকা ফেরত আনার ঘোষণা দিয়েছেন। আমরা ভেবে ছিলাম রাজ পথের বিরোধী দল বিএনপি এটিকে স্বাগত জানাবে। কারণ টাকা যারই হোক দেশের টাকা দেশে আনা হচ্ছে।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠণের উপদেষ্টা ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ঢাকা,এমআর, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





