৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারি থেকে শিক্ষা নিয়ে পৌর নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসী খালদা জিয়াকে ‍উপযুক্ত শিক্ষা দিয়েছে। আগামী নির্বাচনগুলোতে অংশ নিলে অবস্থা আরও ভয়াবহ হবে।’

‘বিএনপি ছেড়ে খালেদা জিয়া জামায়াতের আমির হয়েছেন’ এমন দাবি করে তিনি বলেন, ‘জামায়াত-শিবিরকে রক্ষা করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি (খালেদা) উঠেপড়ে লেগেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই- কোনো ষড়যন্ত্রকারীরাই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। যারা তাদের (যুদ্ধাপরাধী) বাঁচানোর চেষ্টা করছে তাদের জায়গা এ দেশের মাটিতে হবে না।’

‘খালেদা জিয়ার একমাত্র পথ জাতির কাছে ক্ষমা চেয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি খালেদার ‘আগুন সন্ত্রাসীদের’ মোকাবেলা করতে তরুণ লীগকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও ‍উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ।

এমএইচ