দেশের বর্তমান অবস্থা বেশ ভালো যাচ্ছে না। বৃষ্টিতে শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ি ঢল এবং পাহাড় ধসে মারা গেছে অন্ততঃ চৌদ্দ জন লোক। প্রবল বর্ষণে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থান প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দী হয়েছে এবং শাক-সব্জি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের এমন করুণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার এক বিবৃতিতে জামায়াতের এ উদ্বেগ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন, "কক্সবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ইতোমধ্যেই ৩ শতাধিক গ্রামের ৫ লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েছেন, প্রায় ২০ হাজার একর জমির উঠতি ফসল ও চিংড়ির ঘের পানিতে ডুবে গিয়েছে। এভাবে সারা দেশেই প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।"

"যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। কাজেই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরী ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আমি সকল স্বেচ্ছাসেবী সংস্থা, ধনী ও দানশীল ব্যক্তি এবং বিশেষভাবে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। "

"পাহাড়ি ঢল ও পাহাড় ধসে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

জেডআই