বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী বলেন, সরকার জামায়াতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি বেছে নিয়েছে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর ধানমন্ডি থানা আয়োজিত প্রাক্তন ছাত্রদের নিয়ে এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের একের পর এক প্রাণদন্ডে দন্ডিত করছে।মিথ্যাচারের মাধ্যমে জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। যা কোন ভাবেই মেনে নেয়া হবে না। যেকোন মূল্যে সরকারের যেকোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।
তিনি হিংসা ও হত্যার রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় যেকোন পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।
থানা আমীর এ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোহাম্মদ আলী, জামায়াত নেতা মাওলানা সেলিমুর রহমান, আবুল কালাম আজাদ ও আশিকুন্নবী প্রমূখ।
শাহিদী বলেন, সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই ৫ জানুয়ারীর তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে হত্যা করেছে।
কথিত নির্বাচন বিরোধী দল এতদিন অভিযোগ করলেও এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের মাধ্যমে সরকারের থলের বিড়াল ইতোমধ্যেই বেড়িয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘুষকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে অপরাধীদের উৎসাহী করেছেন। ছাত্রলীগের অস্ত্রবাজী ও লাগামহীন সন্ত্রাসে শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্গনকে কুলষিত করা হয়েছে।
তাই এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের কল্যাণ কোন ভাবেই সম্ভব নয়। তিনি ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কেএইচ/এসএইচ





