মঙ্গলবার মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকি গিয়ে শেষ হয়। এতে সমাপনী বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি কে এম আবু তাহের।

এ সময় তিনি বলেন, দেশের সীমান্ত অরক্ষিত রেখে সরকার বিজিবিকে সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমনে ব্যবহার করছে। বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের ২৮ অক্টোবর ২০২৩ পরবর্তী সকল কর্মকাণ্ডই সরকারের পূর্ব পরিকল্পিত এজেন্ডা অনুযায়ী হচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী- ২৮ অক্টোবর বিরোধী দল সমূহের মহাসমাবেশ পণ্ড করে পুলিশের ধরপাকড়ের মধ্যে যখন দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে, তখনই নির্বাচন কমিশন ঘোষণা করল- ‘দেশে এখন নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ আছে।’ শুধুমাত্র নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য আমাদের তথাকথিত স্বাধীন বিচারব্যবস্থা কয়েক মাস থেকে বিএনপি নেতাদের বিভিন্ন গায়েবী ও মিথ্যা মামলায় রাতের বেলা কোর্ট বসিয়ে, কমপক্ষে দুই বছরের সাজা দেয়া হচ্ছে। অথচ এই ইস্যুতে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তিনি বলেন, সাংবিধানিকভাবে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক দেশকে স্বৈরতান্ত্রিক ও একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে, যাতে বিগত ১৫ বছরের ন্যায় মেগা প্রকল্পের নামে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার করে দেশটাকে একটি ঋণগ্রস্থ দেশে পরিণত করবে এবং দুর্নীতির টাকা জোগাতে অতিরিক্ত কর আদায়ে দেশের অভ্যন্তরীণ দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে।

সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে দেশের প্রায় ৯০ ভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো ঘোষিত নীলনকশার নির্বাচন বয়কট করছে এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে, তাই এনডিপি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছে, জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে, দেশের অর্থ নষ্ট না করে, দেশে স্বৈর ও একদলীয় শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ চেষ্টা না করে তথাকথিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে আপনারা পদত্যাগ করুন। জনগণ আপনাদের সম্মান করবে এবং ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের বীরত্ব গাঁথা লেখা থাকবে। অন্যথায় গণরোষ ও গণআন্দোলনে সরকার ও নির্বাচন কমিশন পদত্যাগে বাধ্য হয়ে ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এমএইচ