৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

আজ (২৮ নভেম্বর) বুধবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এইসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, মহাজোটের কথা বিবেচনা করে অনেক আসনে ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন। মনোনয়ন না পেয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোনো বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এসময় জানা যাবে মহাজোটের কোনো দল কতটি আসন পেয়েছে। তার আগে আসন নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

এমবি