নির্বাচন কমিশন হচ্ছে সরকারের ডানা (হাত)। তাদের এ হাত পঁচে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ক্ষমতার ভারসাম্য, সাংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জাতীয় দল এ সভার আয়োজন করে।
নির্বাচনে রক্তের হলিখেলা চলছে এমন অভিযোগ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ভোটারবিহীন এই সরকার দেশবাসীকে বায়োস্কোপ দেখানোর চেষ্টা করছে। ইউপি নির্বাচনকে প্রহসনে পরিণত করছে তারা।
তিনি আরো বলেন, ২০ দলীয় জোট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিবে না। স্থানীয় সরকার নির্বাচনে গিয়ে আমরা জনগণকে দেখাতে সক্ষম হয়েছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
এ প্রসঙ্গে নোমান বলেন, আগে জাল ভোট হতো; কিন্তু এখন সরকারি বাহিনী ও নির্বাচন কমিশন ঘরের মধ্যে বসেই ব্যালট বাক্স ভরে ফেলে। তারপরে সে অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বরের রেজাল্ট ঘোষণা করা হয়। ভোট গণনাও করা হয় না। সরকারের ভিতর ও বাইরের সবাই বলছে, নির্বাচনে কারচুপি হয়েছে। এটি কোনো নির্বাচন হয়নি।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন হচ্ছে সরকারের ডানা (হাত)। তাদের এ হাত পঁচে গেছে। দেশবাসীর সামনে আমরা এটা প্রমাণ করতে পেরেছি, এটা আমাদের বড় সাফল্য।
নোমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলছে, চলবে। আন্দোলনের মধ্য দিয়েই আমাদের দাবি আদায় করব। এর মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হবে।
বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে এবং মহাসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় দলের যুগ্ম মহাসচিব জিয়াউল হক, আবুল মনসুর ভুইয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন ভুইয়া প্রমুখ।
এমবি





