দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও নিজের নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ওই সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করার কথা রয়েছে।
মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে অবস্থান কর্মসূচিস্থলে শনিবার দুপুর ১২টার দিকে কথা বলবেন কাদের সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী জানান, দেশের বর্তমান পরিস্থিতি, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও বিএনপির অবরোধসহ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখান থেকে দলের পরবর্তী কর্মসূচিও দেওয়া হবে।
গত ২৮ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে মতিঝিলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কাদের সিদ্দিকী।
দলটির সূত্রে জানা গেছে, কাদের সিদ্দিকী তার দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফিরে সারাদেশ সফর করার সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী তিনি প্রথমে বৃহত্তর ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলা সফর করতে পারেন। শনিবারের সংবাদ সম্মেলন থেকে এমন ঘোষণাই দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কেএইচ





