ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতা শওকত হোসেন নিলুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার রাতে ২০ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শুরু হয় এবং শেষ হয় রাত পৌনে ১১টায়। এতে সভাপতিত্ব করেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

এই বৈঠকে নিলুর বিষয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার পরিবর্তে এনপিপিকে নেতৃত্ব দিবেন ফরিদুজ্জামান।

এছাড়া আগস্ট মাসে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ১৬ আগস্ট ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শনী, ১৯ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বিরুদ্ধে বিক্ষোভ, খুব শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি গঠন শেষে ২০ দলীয় জোটের ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’গঠন এবং ২১ আগস্ট থেকে জোট নেতাদের জেলা সফরের কর্মসূচী রয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত কর্মসূচি জানিয়ে দেয়া হবে।

সোমবারের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জামায়াত নেতা মো. আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিশের মওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি’র অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি গোলাম মর্তুজা, ন্যাপ জেবেল রহমান গণি, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মবিন, মুসলীম লীগের কামরুজ্জামান খান, ন্যাপ (ভাসানী) অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ পিপলস লীগের (গরিব নেওয়াজ) সাইফুদ্দিন মনি, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম এবং সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই