বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে।আর এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘ মেয়াদী করার জন্য চেষ্ঠা করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের শরীক দল লেবার পার্টির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ আজ নিরাপদে নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের আইন মানছেন না। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সর্বত্র গুম, খুন আর আতঙ্ক। এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশবাসীকে জেগে উঠতে হবে।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আজ জরুরি হয়ে পড়েছে। এই সরকার সব ক্ষেত্রে দলীয় করণের এমন খারাপ নজীর সৃষ্ঠি করেছে যে ভাল ভাল কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে দলীয় বিবেচনায় অপেক্ষাকৃত জুনিয়রদের প্রমোশন দেয়া হচ্ছে।

জাতীয় সংসদকে গান-বাজনার আখড়ায় পরিণত করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন সেখানে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয় না।

লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক, পেশাজীবীসহ বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

এমএইচ