আওয়ামী লীগ নেতাদের পকেট ভারি করার উন্নয়ন করেছে, তারা দেশের জনগণের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (১২ ডিসেম্বর) বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা সব সময় বলে, আওয়ামী লীগ নাকি ব্যাপক উন্নয়ন করেছে! আওয়ামী লীগআসলে তাদের নেতাদের পকেট ভারি করার উন্নয়ন করেছে, তারা দেশের জনগণের জন্য কিছুই করেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মেগা আর বড় বড় প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং লুটপাট করেছে৷ তারা দুর্নীতি করে এদেশের মানুষকে ঠকিয়েছে, বিএনপি দেশের মানুষকে ঠকানোর জন্য রাজনীতি করে না।

বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে এদেশের গণতন্ত্রকে এবং ভোট বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে৷

এসময় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের হয়রানি বন্ধে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল৷

সদর উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুণ্ড, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

এসময় শুখানপুখরী, বালিয়া ইউনিয়ন সহ পাঁচটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

হাসেম আলী/এমবি