বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়াকে সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও অশান্তির নেত্রী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যদি ২০১৩ সালের মতো দেশব্যাপী নৈরাজ্যের চেষ্টা করে তাহলে প্রয়োজনে তাকে কারান্তরীণ করা হোক। সরকারের প্রতি দেশের মানুষের এটাই এখন প্রধান দাবি।

হাছান মাহমুদ বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী প্রতিবাদে বিএনপি হরতাল দেয়নি। রাজপথ জামায়াতের দখলে যাচ্ছে বলেই ভয় পেয়ে বিএনপি হরতাল দিয়েছে। জামায়াতের সাথে মিল রেখে তাদের হরতাল দেয়ার কারণ হলো জঙ্গিবাদ ও জাময়াতকে তুষ্ট করা।

আওয়ামী লীগের এ নেতা বলেন, শুধু ২০ দলীয় জোটে নয়, বিএনপিতে ভাঙ্গন ধরেছে। বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমেদসহ অনেক নেতার মুখে ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। বিএনপিতে খালেদা-তারেক দুটি গ্রুপ হয়েছে। তাদের শক্তির কেন্দ্র কোথায় লণ্ডনে না বাংলাদেশে তা এখনও বোঝা যাচ্ছেনা। তবে শোনা যাচ্ছে বিএনপির মূল শক্তি লণ্ডনে।

ঢাকা, এমআর ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ