মোহাম্মদ মনজুর আলমচট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দেবে ২০ দলীয় জোট। শনিবার বিকাল চারটার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় জোটের সভা ডাকা হয়েছে। ওই সভায় মনজুরকে সমর্থন দেওয়া হতে পারে।

জোট সূত্রে জানা গেছে, স্থানীয় ২০ দলীয় জোট মনজুর আলমকে মেয়র নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিতে পারে। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও জোটের নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, স্থানীয়ভাবে বিএনপি মনজুর আলমকে সমর্থন দিয়েছে। তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে। বিকালে ২০ দলীয় জোটের সভা ডাকা হয়েছে। জোটের পক্ষ থেকেও তাঁকে (মনজুর) সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা আসবে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ মনজুর আলম। এর আধা ঘণ্টার মধ্যে তিনি মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় মনজুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমকে গত বৃহস্পতিবার স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক সমর্থন দেয়। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

এএইচ