বৃহস্পতিবার রাজধানীর আরামবাগে  সুলতান আহমদ নামের এক ঠিকাদারকে প্রকাশ্যে গুলী করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
শুক্রবার বিকালে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রতিবাদ জানান।
তিনি বলেন,  সরকারের সীমাহীন ব্যর্থতা, জুলুম-নির্যাতনে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য, গুম ও অপরহণসহ নানাবিধ অপকর্ম লাগামহীনভাবে বেড়েই চলেছে। সরকার জনগণের জান ও মালের নিরাপত্তা দেয়ার পরিবর্তে নিজেরাই জননিরাপত্তায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক  মৃত্যুর কোন গ্যারান্টি নেই । ঘর থেকে বের হওয়ার পর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তাও নেই। সরকার আইনশৃঙ্খলা বাহিনীতে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত না করে বিরোধী দল দমনে কাজে লাগাণোর ফলে দেশে অপরাধ প্রবণতা  আশংকাজনকভাবে বেড়েছে।
ঠিকাদার সুলতান আহমদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান  ও  তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মাওলানা রফিকুল ইসলাম খান।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]