রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বাদ যোহর এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহন করেন। মসজিদের দোতলা তিন তলা পূর্ণ হয়ে অনেকেই সিড়িতে নামাজ পড়তে দেখা যায়।

এসময় বাইতুল মোকাররমের উত্তর গেট ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা যায়। তবে এসময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণভাবে জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উচ্চস্বরে কালিমা পড়তে পড়তে মসজিদের বিভিন্ন তলা থেকে বের হয়ে আসেন।

অনেক নেতা-কর্মীকেই কান্না করতে দেখা যায়। অনেকেই এ সময় বিজয়সূচক ভী চিহ্ন দেখান।

এসময় দু'একজন নেতাকর্মী স্লোগান দেয়ার চেষ্টা করলে অন্যরা থামিয়ে দেন।

অনেকেই উচ্চস্বরে বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ন্যায় বিচার আল্লাহ একদিন অবশ্যই করবেন।

জানাযা শেষে র‌্যাব, পুলিশ ও ডিবির সদস্যরা টহল দিতে থাকে নএবং অনেককে তল্লাশি করেন। মসজিদের আশপাশের এলাকায়ও টহল দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জামায়াতের আমীরের জানাযায় জামায়াত-শিবিরের ঢাকা মহানগরী ও কেন্দ্রের কয়েকজন শীর্ষ নেতা অংশ গ্রহন করেছেন। তবে সুনির্দিষ্টভাবে কারো নাম জানা যায়নি।

কেবি/এসএ