বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।

সালাহ উদ্দিনের স্বাস্থ্য ও মেডিকেল রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার শিলং সিভিল হাসপাতালে চিকিৎসকরা এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। ফলে পরবর্তী আইনি পদক্ষেপগুলোও ঝুলে রয়েছে।

দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিন গত ১১ মে শিলংয়ে উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশের কাছে আটক হন। এরপর ১২ মে থেকে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তবে সালাহ উদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

এদিকে সালাহ উদ্দিনের স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ তার সঙ্গে দেখা করে উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে সিঙ্গাপুরে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত অসুস্থতার কারণে সালাহ উদ্দিনকে দেশটির আদালতে হাজির করা হয়নি। ফলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপও নিতে পারছেন না তার পরিবার।

এমএইচ