সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। নির্বাচনী প্রচার শেষ হয়েছে শনিবার (২৮ জুলাই) রাত বারোটায়। প্রার্থী এবং দলীয় নেতা-কর্মীরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগের মাধ্যমে নিজেদের পক্ষে ভোট চাইছেন এবং প্রচারণা করছেন।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের বাহুল্য রয়ে গেছে। মেয়রপ্রার্থীদের ফেসবুক পেজে লাইকের সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন সরকারদলীয় প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ফেসবুক পেজে লাইকের দিক থেকে আছেন তৃতীয় স্থানে।
নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রধান প্রার্থীদের পক্ষে ফেসবুকে পেজ খোলা হয়। সেই পেজগুলোতে শেষ মুহূর্তেও নির্বাচনী ইশতেহারসহ নানা বিষয় তুলে ধরছেন প্রার্থীর সমর্থকেরা। নির্বাচনী প্রচারের ভিডিও’সহ নানা আহ্বান তুলে ধরা হয়েছে সেখানে। সমর্থকেরা জয়ের আশাবাদ এবং নানা শঙ্কা নিয়ে মন্তব্য করছেন।
প্রধান প্রার্থীদের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, সিলেট সিটি নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে বেশি লাইক রয়েছে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরানের।
আজ (রোববার) রাত ৮টা পর্যন্ত কামরানের ফেসবুক পেজে লাইক দিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৮৫ জন।
দ্বিতীয় আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী (স্বতন্ত্র) এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর ফেসবুক পেজে লাইক সংখ্যা ৮২ হাজার ৫৮৪। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী আছেন তৃতীয় স্থানে। তাঁর ফেসবুক পেজে লাইক দিয়েছেন ৭৭ হাজার ৬৭৯ জন।
এমবি





