তৃতীয় দফা উপজেলা নির্বাচনের ভোট কারচুপির হিসাব প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা)দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা কাজী জাফর আহমেদ।
মঙ্গলবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে ‘বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
কাজী জাফর আহমেদ বলেন, গত ৫ জানুয়ারি একটি প্রহসনমূলক নির্বাচন করে প্রধানমন্ত্রী নিজের জন্য ভোট কারচুপির দেনা সৃষ্টি করেছেন। আর তৃতীয় দফা উপজেলা নির্বাচনে এ দেনা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে প্রধানমন্ত্রীর দেনা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এক সময় তাকে এই দেনার ঋণ সুদে আসলে পরিশোধ করতেই হবে।
আওয়ামী লীগ সরকার জনতার আন্দোলনের মুখে তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার সমর্থিত প্রার্থীরা তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছিল বলে অভিযোগ করেন তিনি।
জনগণের বড় একটি গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন ১৯ দলীয় এ শীর্ষ নেতা।
কাজী জাফর বলেন, বঙ্গবন্ধুর সাথে আমরা আন্দোলন করেছি কিন্তু তারই সন্তানের শাসন আমলে জেলহত্যা মামলার আসামি হতে হয় আমাকে, এর চেয়ে বড় মৃত্যুর যন্ত্রনা আর হয় না।
কে এম ওবায়দুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, তিনি জীবনে কখনো ব্যর্থ হননি। রাজনৈতিক জীবন ছিল তার সাফল্য একটি বড় অংশ। আজ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কে এম ওবায়দুর রহমানের মত একজন সাহসী রাজনৈতিক ব্যক্তি আমাদের বড় প্রয়োজন।
আয়োজক সংগঠনের সভাপতি ও সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কে এম ওবায়দুর রহমানের কন্যা শ্যামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]