বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘শেখ মুজিবকে বাদ দিয়েই দেশ স্বাধীন হয়েছে। ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করেছেন। তার যেটা করা উচিৎ ছিল তা তিনি করেননি। স্বাধীনতার ঘোষণা দেননি।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স এর সাগর রুনি মিলনায়তনে জেড় ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানের যা করা দরকার ছিল তা তিনি করতে পারেন নি এমন দাবী করে তিনি বলেন, ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দেন নি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন যে অস্বীকার করবে সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। যে কাজ শেখ মুজিবের করার কথা ছিল, তা জিয়াউর রহমান করেছেন।

শাহ মোয়াজ্জেম বলেন, স্বাধীনতার যুদ্ধে যে চীন ও রাশিয়ার গুলি আমাদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেই চীনপন্থী এক মন্ত্রীর নামে সড়কের নামকরণ হয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে হয়না।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইন্দুর মন্ত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, যে ইনু মুজিবকে হত্যার চেষ্টা করেছে সে ইনু আজ মুজিবের মেয়ে হাসিনার মন্ত্রী। তাকে এর ফল ভোগ করতে হবে।
শেখ মুজিবের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার নিজের দলের লোক। তারা নিজেদের স্বার্থে মুজিবের নাম ব্যবহার করেছে। শেখ হাসিনার জন্যও সবচেয়ে বড় বিপদ নিয়ে আসবে তার আশে পাশের লোকজন।

বেগম জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে বিএনপি কর্মীদের মার খাওয়া ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, সব সময় মার খেতে হয় না মাঝে মাঝে দিতে হয়।

বেগম জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে সহ্য করতে না পেরে দুদকের কাধে বন্দুক রেখে তার বিরুদ্ধে মামলা করেছে। মামলা করেছেন ভালো দেশে কি কোর্ট কাচারি নেই? মাদ্রাসা মাঠে কেন বিচার করবেন? এত বাড়াবাড়ি ভাল না। আপনাদের সময় শেষ হয়ে গেছে।

সংগঠনের সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএইচ/এসএইচ