আমার বিরুদ্ধে সাংবাদিকরা যতই লেখালেখি করুক না কেন, আমার কিছুই হবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

দবিরুল ইসলাম বলেন, আমার সাথে কোন সাংবাদিক গেলে পার পাবে না। অন্য জনের সুবিধা নিয়েই তারা আমার বিরুদ্ধে লেখা লেখি করছেন।

এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এই ঘটনায় মানবাধিকার কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা রণবাগ এলাকা পরিদর্শন করে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও জমি দখলের সত্যতা পায়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন ও শালিস কেন্দ্রের পরিচালক সুলতানা কামাল ওইসব বিষয় তুলে ধরেন।

এ নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হলে এমপি দবিরুল ক্ষুব্ধ হয়ে উঠে এবং তিনি সাংবাদিকদের নানা ধরণের কথা বলতে থাকেন।

আইন শৃঙ্খলা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাত আহম্মেদ প্রমুখ।

বক্তারা, এ সময় জেলার আইন শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলায় মাদক, চোরাচালান রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ারও নির্দেশ দেন।

এমএ