কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘যে দেশকে যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশেই মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান না থাকা সত্যিই আমাদের জন্য দুঃখজনক।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘চাষী নজরুল ফাউন্ডেশন’ আয়োজিত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কিনা তা প্রমাণ করতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দলিল দস্তাবেজ খুঁজে বেড়ায়। আপনারাই বলেন আমি ঐ সময় যুদ্ধ করব না দলিল-দস্তাবেজ তৈরি করবো।’
‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি ১৬ বছর নির্বাসনে ছিলাম, কিন্তু আমাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা (আওয়ামীলীগ) কোনো পদক্ষেপ গ্রহণ করেনি’ বলেও মন্তব্য করেন তিনি।
চাষী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দেশে হাজারো নজরুল আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন একজনই, ঠিক চলচ্চিত্রের চাষী নজরুল একজনই। এদেরকে জাতি কখনোই ভুলবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি জোসনা কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ.ফ.ম ইউসুফ হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
এমকে





