তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  ‘সরকার টিভি নেটওয়ার্ক সুষ্ঠুভাবে পরিচালনায় বাস্তব পদক্ষেপ গ্রহণ করছে। এ নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। একে সন্ত্রাসমুক্ত করা হবে। তবে প্রচলিত আইন অনুযায়ী টিভি নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।’

মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।

ক্যাবল অপারেটররা নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরেন।

মীর হোসাইন আখতার বলেন, ‘আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে কিন্তু তাতে করে কোনো ব্যবসায়ী যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।’

তথ্যমন্ত্রী তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বিষয়ে নীতিমালা তৈরি বিবেচনা করবেন বলে জানান।

এ সময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।