সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এছাড়া, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন সাকিব আল হাসান।  

আবু নাসের জানান, আজ (১০ নভেম্বর) সকালে মাশরাফি ও সাকিব সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন আগামীকাল তারা মনোনয়ন ফরম কিনছেন।

মাশরাফির ভোটে দাঁড়ানোর বিষয়টি প্রথম সামনে আসে চলতি বছরের মে মাসে। ২৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, “নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলবো না।”

সাকিবের বিষয়টিও তখন থেকেই আলোচনায় ছিল। তবে বিশ্বখ্যাত এই২ ক্রিকেটারের রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে কখনোই নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আ হ ম মুস্তফা কামাল বক্তব্যের দু’দিন পরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে কিছু চমক আছে। তবে বিশ্বকাপের আগে নির্বাচন-রাজনীতি নিয়ে সাকিব ও মাশরাফির কোনো কথা নেই।

ওই সময় মাশরাফি নিজেই বলেছিলেন, “আসলে কামাল ভাই (আ হ মুস্তফা কামাল) যা বলেছেন, সেটা তার কথা। আমি সে সম্পর্কে কিছুই জানি না।”

উল্লেখ্য, গত (০৮ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। নির্বাচনের ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর।

এরপর গতকাল শুক্রবার (০৯ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

এমবি