বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, সুপরিকল্পিত ভাবে নিজেরা সন্ত্রাস করে আওয়ামী শাসকেরা আজ সন্ত্রাস দমনের নামে বিরোধী দল নির্মূলের অপকৌশল বেছে নিয়েছে।
২০ দলীয় জোটের পক্ষ থেকে শনিবার বিকাল সোয়া ২টায় সংবাদ-মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য এক বিবৃতি তিনি এ কথা বলেন।
বুলু বলেন, জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যান্তর নেই। বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহবান জানাচ্ছি।
একই সঙ্গে সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারী গ্রেফতার বন্ধের দাবিতে আগামীকাল ২২ মার্চ, রোববার ভোর ৬টা থেকে আগামী ২৫ মার্চ, বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল আহবান করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে নিয়ে যাবার পর ১১ দিন অতিবাহিত হওয়া সত্বেও অদ্যাবধি তাকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। গ্রেফতারের কথা স্বীকার পর্যন্ত করছে না অবৈধ স্বৈরাচারী সরকার।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের বেলায়ও একই ঘটনা ঘটেছে।
বিএনপির এই নেতা বলেন, শাসক মহলের নির্দেশে সারা দেশে প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার ও অপহরণ করা হচ্ছে।
অনেককে গুম করা হচ্ছে। মিথ্যা গল্প সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে। আটক অবস্থায় কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে। যেখানে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যাচ্ছে। সারা দেশে গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
অবরোধের পাশাপাশি ঘোষিত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।
এমএইচ/ এআর





