আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেফতার হওয়ার ব্যাপারে সরকার কিছু জানে না।
তিনি বলেন, সরকার যে টুকু জেনেছে, তা গণমাধ্যমের মাধ্যমে।
আজ সোমবার রাজধানীর জাতীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
সকাল নয়টায় ফল প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম।
মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের এখানে পরিকল্পিতভাবে ফল উত্পাদন করা সম্ভব হলে, সেখান থেকে পুষ্টির সব উপাদান আসবে। আমাদের বিদেশি ফলের দিকে ঝোঁকার প্রবণতা আছে, সেটা কমাতে হবে।’
ফলের রক্ষণাবেক্ষণ সমস্যা সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ফলের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
ঢাকা, এমআর, ১৬ জুন (টাইমনিউহজবিডি.কম) //এএইচ





