রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দলীয় এ সভায় ইউএনওর এ উপস্থিতি নিয়ে উপজেলার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তা হয়েও দলীয় সভায় কেন যোগদান করলেন- তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্র মতে, শুক্রবার বিকেল ৪টা থেকে বাঘার খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম নাণ্টুর সভাপতিত্বে ওই কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন বাঘার ইউএনও বাদল চন্দ্র হালদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা মেয়র বিতর্কিত নেতা আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।

অতিথিদের জন্য নির্ধারিত মঞ্চের প্রথম সারিতে বসেও থাকতে দেখা যায় ইউএনও বাদল চন্দ্র হালদারকে। পরে ইফতার শেষে নির্বাচনের মাধ্যমে আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন পর্যন্ত ইউএনও বাদল চন্দ্র হালদার ওই কাউন্সিলে স্বদর্পে উপস্থিত ছিলেন বলেও নিশ্চিত হওয়া গেছে। তবে ইউএনও বাদল চন্দ্র হালদার কালের কণ্ঠ অনলাইনকে বলেন, "আমি মন্ত্রী মহোদয়ের প্রটোকল অফিসার হিসেবে সেখানে গিয়েছিলাম। তিনি এলাকায় এলে আমাকে যেতে হয়। এ ছাড়া আমি ওই অনুষ্ঠানের মঞ্চে বসে থাকলেও কোনো বক্তব্য রাখিনি। কাজেই এখানে সরকারি কোনো আইন লঙ্ঘন করা হয়নি।"

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস