গণফোরামে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।

তিনি বলেন, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান।

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, “ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ এ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করবো।”

গণফোরামে ভাঙন নিয়ে ড. কামাল বলেন, “দলে কোনও সমস্যা নেই। এমন কিছুই হয়নি। যদি থেকেও থাকে সেটি এখন নেই।”

সভায় দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া আইসোলেশনে। এই কারণে তারা সভায় উপস্থিত হতে পারেননি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, সংসদ সদস্য মোকাব্বির খান, প্রেসিডিয়াম সদস্য আ ও ম শফিকউল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর, মহিউদ্দিন আবদুল কাদের প্রমুখ।

এর আগে গত ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন জানান, গণফোরামকে ঐক্যবদ্ধ রাখার পদক্ষেপ হিসেবে বিগত কয়েক মাসে অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার ‘অকার্যকর’। উদ্ভূত সমস্যার সমাধানে জাতীয় কাউন্সিলের মাধ্যমে সমাধান করা হবে।

ড. কামাল হোসেন সেদিন বলেছিলেন, “গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।” ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে সব বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে, জানান ড. কামাল হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ড. কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠা করেছিলেন।

এমবি