ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করা যায়নি বলে এখনও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায়।

দীর্ঘ ২১ বছর মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা সরকার পরিচালনায় ছিল বলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করেছে। এ কারণেই সঠিক তালিকা প্রণয়ন করা উচিত বলে মনে করেন মেয়র তাপস।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র বলেন, প্রকৃত গবেষণার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করা হলে তারা ইতিহাসে বীরোচিত সম্মাননা পাবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৪০ বছর পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের শাস্তিও কার্যকর হয়েছে। এখনও ওই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মেয়র তাপস।

এবিএস