বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিদেশীরা ট্রাভেল এলার্ট জারি করায় দেশের ইমেজ ক্ষুন্ন হয়েছে। এতে দেশবাসী চিন্তিত। দেশে সন্ত্রাস,জঙ্গিবাদ নেই। জঙ্গিবাদের বিষয়ে বিএনপি কোন স্পেস দিতে চায় না। যেহেতু কয়েকটি দেশ ট্রাভেল এলার্ট জারি করেছে তাই জাতীয় ঐক্যমত গঠন করে ইমেজ ফিরিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, দেশের ইমেজ যখন সংকটের মুখে তখন আমরা দেশের স্বার্থে সংকিত, বিচলিত। আমরা দেশের স্বার্থে কথা বলতে চাই।আমরা সরকারকে বলতে চাই দেশে কোন নিরাপত্তা সংকট নেই। আমরা বিদেশী নাগরিকদের নিরাপত্তার কথা বলি। বিদেশীরা নিরাপত্তা না পাওয়ায় দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ইমেজ সংকট থেকে বের হতে জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন।

তিনি বলেন, বিদেশী নাগরিকদের নিরাপত্তা না দিতে পারলে বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। সরকারকে বিদেশীদের আশ্বস্ত করতে হবে এখানে বিদেশী বিনিয়োগে কোন সমস্যা নেই।

বিএনপির এই নেতা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাসঁ হয়েছে। তাই বিএনপি দেশের সকল শিক্ষার্থীদের সাথে একমত পোষন করে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করছি। একই সাথে শিক্ষার্থীদেন আন্দোলনে সমর্থন জানাই। শিক্ষার্থীদের এই দাবি মেনে নিলে সরকারের নৈতিক পরাজয় হবে না।

শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রিপন বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল মেনে নিন। এ বিষয়ে দেরি করার কোন কারন নেই। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আন্দোলন করুক তা বিএনপি চায় না।

দল পুনর্গঠনের বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, দলের পুনর্গঠন চলছে। ঈদের ছুটির কারনে অনেক জায়গায় এখনও কমিটি গঠন হয়নি। আরো কিছু দিন লাগবে। অনেকে যোগাযোগ করেছে তাদেরকে মৌখিক ভাবে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে।

চেয়ারপারসন কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। তার চিকিৎসা এখনও শুরু হয় নি। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএইচ