দেশের রাজনীতি ও গণতন্ত্র আওয়ামী সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন,শেখ হাসিনা কী জিনিস, মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা এলডিপি,গণতান্ত্রিক ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণ,আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড,ও ভোট ডাকাতি এ সবই এখন নতুন প্রজন্মের কাছে পরিস্কার হয়ে গেছে।
সরকারের দুর্নীতি,সন্ত্রাস ও ভোট ডাকাতির কারণে বিদেশিরা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। বিনিয়োগ শূণ্যের কোটায় নেমে এসেছে। এ কারণে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে রয়েছে।
কর্নেল অলি বলেন,বর্তমানে সরকার অন্যায়,অত্যাচার,খুন,গুম,হত্যা ও মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকুন এবং তাদের তালিকা তৈরী করে রাখুন। সময় এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপি নেতা উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,এলডিপি নেতা পৌর মেয়র আইয়ুব কুতুবী,উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম,সাবেক ভাইস চেয়ারম্যান ও এলডিপি নেতা আবদুর রহিম বাদশা,সাবেক চেয়ারম্যান সিরাজ আহমদ,এলডিপি নেতা জসিম উদ্দীন হায়দার প্রমুখ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]