জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাজিরা দিতে বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আদালতের কার্যক্রম শেষে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানে দলের নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করবেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কোকোর মৃত্যুবার্ষিকীর কারণে আজকের জন্য খালেদার জামিন মঞ্জুর করেন। এরপরও তিনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন। এ দিন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুই মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনভর কোকোর কবরে কোরআন খতম করা হবে। কোরআন খতম শেষে কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন খালেদা জিয়া।
এ ছাড়া সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে এবং গুলশানের রাজনৈতিক কার্যালয়েও কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
জেড





