আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্য সম্পর্কে ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বানকে নাকচ করে শেখ হাসিনা জাতির প্রত্যাশা ও আকাংখাকে উপেক্ষা করেছেন।
লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশ যখন অস্তিত্বের গভীর সংকটে, আতংকিত দেশবাসী যখন জাতীয় ঐক্যের সোনালী রেখা দেখতে চায় তখন প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য উগ্রবাগ ও জঙ্গিবাদকেই উৎসাহিত করবে।
‘যাদের সাথে ঐক্য হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বন্ধ হবে তাদের সাথে ঐক্য হয়েছে’ শীর্ষক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে জনাব প্রধান বলেন, দেশবাসী জানতে চায় তারা কারা ? দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধীদল, বুদ্ধিজীবী ও সকল স্তরের জনগণকে বাদ দিয়ে এই রহস্যময় ঐক্য কাদের সাথে।
এ কার খেলা-কিসের খেলা। ইতিহাসই একদিন এই প্রশ্নের জবাব দেবে। তবে মনে রাখা দরকার বাংলাদেশ কারো রায়ত-প্রজা নয়। দেশ ও জনগণের ভবিষ্যত নিয়ে তামাশা করার এখতিয়ার দেশবাসী কাউকে দেয় নাই।
এফএফ





