বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ পোড়ানো বন্ধ না করলে ভয়াবহ পরিণতি হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা সংলাপের কথা বলেন তাদের আমি বলব, আগে খালেদা জিয়ার সঙ্গে সংলাপ করুন। তাকে (খালেদা) মানুষ পোড়ানো বন্ধ করতে বলুন। গণতন্ত্রের পথে থাকলে অবশ্যই আলোচনা হতে পারে। কিন্তু মানুষ পোড়ানো খুনি সঙ্গে আমি আলোচনায় বসতে পারি না। তাদের সঙ্গে কোনো আপোস হবে না।’

তিনি বলেন, ‘পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু রেলে নাশকতা করিনি। ঘুমন্ত মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করিনি। নারীদের গায়ে হাত দেইনি। খালেদা জিয়ার দিকে তাকালে আমার পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের কথা মনে পড়ে। খালেদার কর্মসূচি নাশকতা- প্রতিহিংসার রাজনীতি। এতে মানুষ আতঙ্কিত। আমিও আতঙ্কিত, বাকরুদ্ধ। বাংলার মানুষ বার বার নাশকতায় উসকানিদাতার কাছে আত্মসমর্পণ করতে পারে না।’

বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় কর্মসূচি বন্ধ করুন। পরীক্ষা সময়মতো হবে। আমরাই নিরাপত্তা দেব।’

জাসদের মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

এএইচ