জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে বক্তব্য শুরু করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২০-২০২১ -এ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য হারুন অর রশিদকে ১২ মিনিট সময় দেয়া হয়।
বক্তব্যের শেষ পর্যায়ে হারুন অর রশিদ চলমান করোনা পরিস্থিতিতে দেশের উন্নয়নের কথা চিন্তা করে মানুষ বাঁচানোর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রস্তাব করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলটির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি করেন। সংসদে তারেক রহমানের প্রসঙ্গ ওঠায় সরকারি দলের সংসদ সদস্যরা সবাই তার প্রতিবাদ করেন। সংসদে হইচই করেন।
এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নাম সংসদে উচ্চারণ করায় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বি এর প্রতিবাদ করেন। এ কারণেই তিনি ‘ওয়াক আউট’ করেন।
এর আগে বক্তব্য দিতে দাঁড়িয়ে প্রথমে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ বলে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে বক্তব্য শুরু করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য হারুন অর রশিদ।
এনিয়ে ডেপুটি স্পিকার প্রশ্ন তুলে বলেন, হঠাৎ করে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লেন কেন? এটা দিয়ে কোন বক্তব্যের শুরুর রেওয়াজ আমি আমার ৭ মেয়াদে কোন এমপির মধ্যে দেখিনি।
এর উত্তরে এমপি হারুন বলেন, আমি এর ব্যাখা পরে দেব।
ডেপুটি স্পিকার বলেন, অবশ্যই শেষে আপনি এর ব্যাখ্যা দেবেন। কারণ সংসদের এই দীর্ঘ সময়ে এর আগে কখনো এমনটা শুনিনি।
পরে হারুনর রশিদের নির্ধারিত ১২ মিনিটের বক্তব্যে বাজেটের নানা সমালোচনা করেন। বিদেশে টাকা পাচারের অভিযোগে সংসদ সদস্য পাপলুর কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিদের সমালোচনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এমপি হারুন বলেন, করোনা উত্তর ভবিষ্যৎ অর্থনীতি পথক্রমের জন্য যে ধরণের বাজেট প্রণয়ন দরকার ছিল সেটি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হযেছে।
একপর্যায়ের তার সময় শেষ হলেও তিনি না বসে বক্তব্য অব্যাহত রাখেন এবং সময় বাড়িয়ে দেয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেন।
যদিও সংসদের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার সময় বাড়িয়ে দেননি।
এর প্রতিবাদ করে এমপি হারুনর রশিদ সংসদ কক্ষ ত্যাগ করতে উদ্যত হলে ডেপুটি স্পিকার তাকে অনুরোধ করে বসতে বলেন।
এমবি





