যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগোতে বাংলাদেশ ডে প্যারেডে জিয়াউর রহমানের নাম যুক্ত করতে স্থানীয় বিএনপির আবেদন নাকচ করে দিয়েছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দাবি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিকাগো মেয়র অফিস এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বিএনপি পাল্টা দাবি করেছে, জিয়াউর রহমান ডে প্যারেড বহাল রয়েছে এবং নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, শিকাগো সিটির ওয়েবসাইটে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠানের সূচি অন্তভুক্ত থাকলেও সেখানে জিয়াউর রহমান ডে প্যারেডের কথা উল্লেখ নেই।
স্থানীয় সময় বুধবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দাবি করেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিকাগো সিটি মেয়র অফিস বিএনপির আবেদন নাকচ করার কথা জানিয়েছে। এমনকি জিয়াউর রহমানের নামে প্রক্লেমেশন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে মেয়র অফিস।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিবছরের মতো শিকাগো সিটি কর্তৃপক্ষ স্থানীয় বাংলাদেশ কমিউনিটি অব শিকাগো ল্যান্ডের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে। এবারো দিনটি উদযাপন উপলক্ষে ২৮ মার্চ বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করা হয়েছে। কিন্তু ইলিনয় স্টেট বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল গত ২৪ ফেব্রুয়ারি শিকাগোর ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বরাবরে বাংলাদেশ ডে প্যারেডকে জিয়াউর রহমান নামে করার আবেদন করে। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ অনুমতিও প্রদান করে। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিষয়টি জানার পর শিকাগো মেয়র বরাবরে জিয়াউর রহমানের নামে প্যারেড অনুষ্ঠানে আপত্তি জানায়।
সিদ্দিকুর রহমান জানান, মেয়র বরাবরে এক আবেদনে তারা জানিয়েছেন যে শিকাগোতে জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ নিয়ে আদালতে মামলা চলছে। একারণে একই ব্যক্তির নামে বাংলাদেশ ডে প্যারেড করা হলে বিষয়টি বিতর্কিত হয়ে পড়বে। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়র অফিস তাদের চিঠি দিয়ে জানিয়েছে যে তারা জিয়াউর রহমানের নাম বাতিল করেছে। এমনকি জিয়াউর রহমানের নামে যে প্রক্লেমেশন দেওয়ার কথা ছিল তাও বাতিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান শিকাগো মেয়র অফিসের কপি সাংবাদিকদের সরবরাহ করেন।
এসময় তিনি বলেন, ছয় কংগ্রেসেম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। একইভাবে তারা শিকাগো সিটি কর্তৃপক্ষের মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ ডে প্যারেডকে জিয়াউর রহমানের নামে করার অপচেষ্টা চালিয়েছিল। সংবাদ সম্মেলনে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানান সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, ফজলুর রহমান, আবুল কাশেম, লুত্ফুল করিম, শামসুদ্দিন আজাদ, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
জিয়াউর রহমান প্যারেড বহাল, দাবি যুক্তরাষ্ট্র বিএনপির
যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট শরাফত হোসেন বাবু দাবি করেছেন, শিকাগো সিটি কর্তৃপক্ষ জিয়াউর রহমান ডে প্যারেড বাতিল করেনি। সিটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই নির্ধারিত দিনে প্যারেড অনুষ্ঠিত হবে।
গত ২৪ জানুয়ারি শিকাগো সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের অনুমতিপত্র সংযুক্ত করে এক ইমেইল বার্তায় তিনি দাবি করেন, সিটি কর্তৃপক্ষের অনুমতি বহাল রয়েছে। শরাফাত হোসেন বাবু জানান, ঐ অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন। জিয়াউর রহমান প্যারেড সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেআই





