বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কোরআনের নির্দেশনার আলোকে রাষ্ট্র পরিচালিত হলেই মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব।
বৃহস্পতিবার রাজধানীর রমনা ও মতিঝিল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সাহরির ফুড প্যাকেট বিতরণকালে তিনি একথা বলেন।
ড. মাসুদ বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহর মনোনীত বিধান ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মাদ সা:-এর আদর্শই একমাত্র সঠিক পথ। তাই আমরা বলতে চাই, দেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন দেশের মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এ মাসেই আমাদের নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ হিসেবে আমরা অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে রয়েছি, এটা আল্লাহর কথা। এই ক্ষতি থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতে হবে।
তিনি বলেন, কোরআনের নির্দেশনার আলোকে যখন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালিত হবে কেবল তখনই সব মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব হবে। খেলাফতের দায়িত্ব যারা পালন করেছেন তারাও এই নির্দেশ অনুসরণ করেছিলেন। আমরা বিশ্বাস করি আল্লাহর মনোনীত বিধান ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মাদ (সা.) এর আদর্শই একমাত্র সঠিক পথ। তাই আমরা বলতে চাই দেশে যতক্ষন পর্যন্ত ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন দেশের মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়।
জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক কাজ করার মাধ্যমে আমরা মূলত আল্লাহর ইবাদতের মাঝেই রয়েছি। আল্লাহ বান্দার সকল কর্মতৎপরতার মাধ্যমে আত্মসমর্পণকারী হিসেবে আমাদেরকে পেতে চান। সামগ্রিক কাজকর্মে, আমার ব্যবসা চাকরি সবকিছুর ভেতরে আল্লাহর গোলামী চলছে কিনা সেটা তিনি দেখতে চান। আমরা বাংলাদেশে সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও সরকারকে সচেতন করতে আমরা মতিঝিলের শাপলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেছিলাম। শান্তিপূর্ণভাবে মিছিল শেষে আমরা সকলে সেখান থেকে ফিরে এসেছি। অথচ পরের দিন রাজধানীর বিভিন্ন থানায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে জামায়াতের অসংখ্য নেতা-কর্মীর নামে অন্যায়ভাবে মামলা করা হয়েছে। দ্রব্যমূল্যের এই অসহনীয় পরিস্থিতে আমরা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সচেতন করার চেষ্টা করেছি। এর পরিপ্রেক্ষিতে রমজান মাসেও আমাদের নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে তাদেরকে এসব মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, যা খুবই অমানবিক। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান। একইসাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রমনা থানায় আয়োজিত অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সাহরির ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুস সাত্তার সুমন, রমনা থানা সেক্রেটারি মো: আবু রায়হান, জামায়াত নেতা ফরহাদুর রহমান, গোলাম সামদানী, নুরে আলম প্রমুখ।
অপরদিকে মতিঝিল থানা উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সাহরির ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে থানা আমির এস এম শামসুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল জোনের সহকারী পরিচালক সৈয়দ সিরাজুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো: মোতাছিম বিল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য দেলোওয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর





