বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হন ছবি বিশ্বাস।

 

সংঘর্ষের একদিন পর আজ শুক্রবার ভোরে আটক করে গয়েশ্বরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হলো।

 

সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান শীর্ষ নিউজকে জানান, ‘শুক্রবার ভোরে গয়েশ্বর রায়কে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্ষমতাসীন দলের এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।’

 

তবে বুধবার রাতে দায়ের করা ওই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারি হেলালসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের আসামি করা হলেও সেখানে গয়েশ্বরের নাম ছিল না।  

 

অপরদিকে এ মামলায় বিএনপির আরো তিনজনকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করার কথা বললেও তাদের পরিচয় মাসুদুর রহমান জানাতে পারেননি।

 

গয়েশ্বরের সহকারী আবদুল লতিফ জানান, শুক্রবার ভোর ৬টার দিকে গোয়েন্দা পুলিশ সিদ্ধেশ্বরীর বাসা থেকে এই বিএনপি নেতাকে আটক করে। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

এর আগে বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাসায় পুলিশ তল্লাশী চালালেও ওই সময়ে তিনি বাসায় ছিলেন না।

 

কেএইচ/এসএইচ