গেরিলা মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাতে ১১ বছরের বালক নিয়ে এসেছেন তিনটি গোলাপ।

বালকের নাম জুনায়েদ হোসেন। থাকেন রাজধানীর চানখারপুল এলাকায়। মায়ের কাছে শুনেছেন একাত্তরে গেরিলা যুদ্ধ করে খোকা প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছেন।

তাই এই বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে এসেছেন জুনায়েদ হোসেন। ১১ বছরের বালক বলেন, “গেরিলা বাহিনীকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।”

শ্রদ্ধা জানাতে আসা লোকরাও এমন অভিমতই ব্যক্ত করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, কর্মজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান তাকে।

বালক জুনায়েদের মা সাবেকুন নহার বলেন, আমরা রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী না। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার সন্তান তাকে শ্রদ্ধা জানাতে এসেছে।

মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল বলেন, সাদেক হোসেন খোকা একজন বিপ্লবী নেতা। মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে তিনি গেরিলা যুদ্ধ করেছেন। তাই তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।

কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে জড়িত কি-না? এমন প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, না আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই।

লালবাগের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রহমান কিংবা ৫৭ বছর বয়সী সালাউদ্দিন- সবাই মনে করেছেন যে দল মতের উর্ধ্বে উঠে এই বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানানো উচিত। তাই তো ছুটে এসেছেন। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপির এই কেন্দ্রিয় নেতার লাশবাহী ফ্লাইট। বিমানবন্দরে খোকার লাশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এমবি