প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবারের সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বিষয়ে ফয়সালা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এ হুশিয়ারি দেন তিনি।

ড. মোশাররফ বলেন, আজকের (মঙ্গলবার) সমাবেশ সাত দফা দাবির পক্ষের সমাবেশ। এই সাত দফা দেশের জনগণের দাবি। দেশের জনগণ সাত দফা দাবির পক্ষে ঐক্যবদ্ধ। তাই আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বুধবার ফয়সালা করুন, সমাধান দিন। যদি সাত দফা দাবি না মানেন, তাহলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

প্রধান বক্তার বক্তব্য দেন জেএসডির সভাপতি আসম আবদুর রব। আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অনেকে।

এমআর