আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত। চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে।

বুধবার রাত ১২টার দিকে সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী এ হরতালের ডাক দেন।

অন্যদিকে মাওলানা ফারুকী হত্যার প্রতিবাদে একই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ইসলামী ছাত্র সেনা।

এদিকে মাওলানা ফারুকীকে হত্যার প্রতিবাদে সারা দেশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিবির বাজার, কক্সবাজার, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিলেট ও রংপুরে তাৎক্ষণিকভাবে মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বেশ কিছু এলাকায় উত্তেজিত সমর্থকরা গাড়ি ভাঙচুর করে।

এ ছাড়া, ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা, ফার্মগেট, মতিঝিল ও মিরপুরে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করতে না পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে ফারুকী হত্যার ঘটনায় সারা দেশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর