বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পরিবারের সদস্যরা।
সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের নেতৃবৃন্দ ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত যুবক উত্তম কুমার বড়ুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরআন অবমাননার একটি ছবি প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে রামুতে সংঘটিত হয় ভয়াবহ সহিংসতা। এতে রামুর ১১টি বৌদ্ধমন্দির ও বেশ কিছু বসতবাড়ি পুড়ে যায়। এর পরের দিন ৩০ সেপ্টেম্বর একই ঘটনা সংঘটিত হয় কক্সবাজারের সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায়। এসব এলাকায় ৮টি বৌদ্ধমন্দির ও বেশ কিছু বসতি পুড়ে যায়।
ঢাকা, এমএইচ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





