রাজধানীর মিরপুরের কালশীস্থ বাউনিয়া বস্তিতে গত দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, অনবিলম্বে পূনর্বাসন ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগরীর আমির বলেন, “রাজধানীতে অগ্নিদুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন দুর্ঘটনা ঘটছে। কিন্তু সরকার বা সংশ্লিষ্ট বিভাগ অগ্নিদুর্ঘটনা রোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। অগ্নিনির্বাপকে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হচ্ছে না।
ফলে এ ধরনের অগ্নিদুর্ঘটনা প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক বাড়ী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে সহস্রাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। আকস্মিক এই দুর্ঘটনায় বস্তিবাসীরা নিজেদের নিত্যপ্রয়োজনীয় মাল-সামানাও নিরাপদ করতে পারেননি। ফলে তারা প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।”
সেলিম উদ্দিন বলেন, “কালশীর বস্তিতে অগ্নিকাণ্ডে অগ্নি দুর্গতারা প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন। ফলে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় অগ্নি দুর্গতদের জন্য জরুরি মানবিক সাহায্য ও দ্রুত পূনর্বাসন প্রয়োজন।”
তিনি অগ্নিদুর্গতদের নিরাপদ আশ্রয়, যথাযথ ক্ষতিপূরণ, জরুরি মানবিক সাহায্য ও দ্রুততম সময়ে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি এবং অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মহানগরী আমির ঘটনার কারণ তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনেরও দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি
অন্য এক বিবৃতি
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: ড. রেজাউল করিম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, সারা দেশে আকস্মিক শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন শীতের তীব্র কমলেও আবারও বাড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে।
তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আশার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) লক্ষীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের উত্তর জয়পুর ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা মোল্লা, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হাই, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি শাহ আলম, ছাত্র শিবিরের সভাপতি সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবদুল বাতেন ও হাফেজ নেছার আহমেদ প্রমূখ।
এমবি





