আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘আপনি বলছেন ৬০টি ক্যাসিনো আছে, আইনশৃঙ্খলা বাহিনী আপনারা ৬০ জনে কি এত দিন আঙুল চুষছিলেন?
তাহলে যে ৬০ জায়গায় এই ক্যাসিনো, সেই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সেই ৬০ থানার যে র্যাব ছিল, তাদের অ্যারেস্ট করা হোক।’
আজ বুধবার বিকেলে মিরপুরের দারুসসালাম এলাকায় গোলারটেক মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের কয়েকটি ওয়ার্ডের যৌথ ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রশ্ন ছুড়ে বলেছেন, যুবলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এতদিন চুপ করে ছিল কেন?
ওমর ফারুক বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ অত্যন্ত সুসংগঠিত একটি ইউনিট। তাদের বিরুদ্ধে এতদিন কোনও অভিযোগ এলো না। হঠাৎ কেন অভিযোগ এলো?
তিনি বলেন, যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে এতদিন কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি? খালেদের (ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া) গ্রেপ্তার দল ও যুবলীগকে পঙ্গু করার ষড়যন্ত্র কিনা সেটিও দেখার বিষয়।
নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলো আওয়ামী যুবলীগের ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দলীয় কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে এই সম্মেলনে উপস্থিত অতিথিরা পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। এসময় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকসহ আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস





