সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং দালালরা সম্মিলিত ভাবে মানবপাচার করছে জানিয়ে গণসংসহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার চায় বাংলাদেশের নাগরিকরা দাস হিসেবে ব্যবহৃত হোক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত `অবিলম্বে মানব পাচারের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন যে মানবপাচার হচ্ছে, এটা তো হঠাৎ করে হয়ে উঠেনি। গত ১০ বছর ধরে এটা হচ্ছে। আজকে যখন বাংলাদেশি নাগরিকেরা সাগরে ভাসছে প্রধানমন্ত্রী তখন নিশ্চুপ।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর উদ্দেশ্য প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কি বৈধ শ্রমিকের দায়ীত্ব নিতে পেরেছেন? প্রতি বছর ২০ হাজার শ্রমিক বিদেশে মৃত্যু বরণ করে। অথচ এই শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের ‍মাধ্যমেই এই দেশের অর্থনীতির চাকা চালু আছে।

সমুদ্র পথে মানবপাচারের সাথে কোস্ট গার্ডরা জড়িত মন্তব্য করে তিনি বলেন, যে আইন-শৃঙ্খলা বাহিনী জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার উল্টো তাদের জন্য অর্থ বরাদ্দ করেছে। অর্থাৎ যে ফুটো দিয়ে পানি ডুকছে তা বন্ধ না করে উল্টো তা আরো বড় করার ব্যবস্থা করছে।

মাবনপাচারের সাথে জড়িতদের বিচারের দাবি করে তিনি বলেন, কক্সবাজারের এমপি বদি সহ জড়িত সকলকে চিহ্নিত করে বিচার করতে হবে।

সরকার জঙ্গিবাদ পছন্দ করে মন্তব্য করে তিনি বলেন, সরকার বলছে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু আমরা দেখছি তা মাথা চাড়া দিয়ে উঠছে। আসলে তারা জঙ্গিবাদ পছন্দ করে, তাদের নিয়ে আলোচনা করতে পছন্দ করে।

তিনি বলেন, আপনি যতই উন্নতি করুন আর যত বড় ফ্লাইওভার, বিল্ডিং তৈরি করুন না কেন তা বড় কথা নয়। সেখানে মানুষ যদি মর্যাদা নিয়ে বাঁচতে না পারে তাতে কোন লাভ নেই।

এমএ/এমকে