বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে. (অব.)আ স ম হান্নান শাহ বলেছেন, অহিংস আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে সরানো যাবে বলে আমি বিশ্বাস করি না। সৈয়দ আশরাফ বলেছেন বৈধ উপায়ে সরকারের পতন ঘটানো যাবে না। তাহলে তারা নির্বাচন দিবে না। তারা নির্বাচন না দিলে বিরোধী দলের যা যা করা দরকার তাই করবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘নারায়নগঞ্জ ও কালশী সহ বিভিন্ন হত্যাকান্ডের ধামাচাপা ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, অহংকার বেশি করলে পতন অনিবার্য। বর্তমান সরকার সংসদে ও সংসদের বাহিরে তারা গর্ব করে কথা বলে। তারা ধরাকে সরা মনে করতে চায়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রতিটি হত্যাকান্ডের বিচার হওয়া উচিৎ। জিয়াউর রহমানসহ অনেক হত্যাকান্ডের বিচার বিএনপি করে নাই। এজন্য আমিও বিব্রত হই।

সরকারের সমালোচনা করে হান্নান শাহ বলেন, এই সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকান্ড চলছে। র্যা ব অন্য বাহিনী থেকে অল্প সময়ের জন্য আসে। তারা কিলিং মিশন নিয়ে কাজ করে। তারা যখন নিজস্ব বাহিনীতে যাবে তখন ঐ বাহিনীকেই নষ্ট করবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারাদেশে হত্যাকান্ডের মহাউৎসব চলছে। ফেনীর হত্যাকান্ডে দুই হাজারী জড়িত। এক হাজারী আরেক হাজারীকে দোষারোপ করছে তাদের গ্রেফতার না করে বিএনপি নেতাকে গ্রেফতার করছে। এটা কেমন বিচার। কোথায় আইনের শাসন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধূরী, ন্যাপের মহাসচিব মোস্তফা ভুঁইয়া, সংগঠনের সভাপতি আজিজুল হক সোহাগ প্রমুখ।

ঢাকা, এমএইচ,১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসএইচ