স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিচার বিভাগে সামান্যতম হস্তক্ষেপ করিনি আমরা। যারা এসব বলে তারাই ক্যু করার চেষ্টা করেছে।

তারা একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে।’আজ মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়ায় দুটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু কার্ড ও স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়ার কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ’ সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। প্রধানমন্ত্রী ও আমাদের সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই আমরা আদালতের কোনো বিষয়ে হস্তক্ষেপ করিনি।

এমনকি তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে। সামান্যতম হস্তক্ষেপ করিনি আমরা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা এসব বলে তারাই ক্যু করার চেষ্টা করেছিল। জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে ওরা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল। ব্যর্থ হয়েছে। কারণ জনগণ সচেতন ছিল।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কার বিচার হবে, কার শাস্তি হবে, কে নির্দোষ হবে সেটা আদালতের ব্যাপার। আদালত সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না।

এ ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি না। যদি কেউ নির্দোষ প্রমাণ হয়, নির্দোষ প্রমাণ হবে। এটা আদালতের ব্যাপার।’

সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর প্রমুখ।

এমআর