একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকে দেশ-ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। 

হরতালের সমর্থনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত ও শিবির। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী শান্তিপূর্ণভাবেই হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং চলছে। কোথাও কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

হরতাল সমর্থকরা মিথ্যা মামলায়, মিথ্যা স্বাক্ষ্য প্রমানের ওপর ভিত্তি করে দেয়া রাজনৈতিক রায় অবিলম্বে প্রত্যাহার করে মীর কাসেম আলীকে মুক্তি দেয়ার দাবি জানান।

এ ব্যাপারে দেশের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে দেয়া মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে একের পর এক জামায়াত নেতার ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। 

তারা বলেন, কোন সরকারই চিরস্থায়ী নয়, এই অন্যায় জুলুমের বিরুদ্ধে অচিরেই যে গণজোয়ার সৃষ্টি হবে তাতে সরকারের পতন অবশ্যম্ভাবী।

এদিকে, হরতালের প্রভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বাভাবিকের চেয়ে যান চলাচল অনেক কম দেখা গেছে। অনেককেই পায়ে হেটে বা রিক্সায় চলাচল করতে দেখা গেছে।

উল্লেখ্য, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী তার মৃত্যুদন্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে গতকাল মঙ্গলবার তার মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেয় আপীল বিভাগ।

এমএনজে/কেবি